২০২৪ সালে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি: সারজিস
![]() |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ২০২৪ সালে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা হারিয়ে ফেললে আর তা অর্জন সম্ভব হবে না। ছাত্র জনতার এই অর্জন তা যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। কোনো দলাদলি কিংবা অন্য কোনো কারণে যদি এই অর্জন বিনষ্ট হয় তাহলে পলাতক শেখ হাসিনার দোসররা আবার নতুন করে ষড়য়ন্ত্রের সুযোগ পাবে।
আজ সোমবার বিকেলে রংপুরের ঐতিহাসিক পাবলিক লাইব্রেরী শহীদ মিনার মাঠে বৈষম্যবিরোধী আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় সারজিস বলেন, ‘আমাদের দেশে সিস্টেমের মাধ্যে যে ক্যান্সার তৈরী হয়েছে, সেই ক্যান্সার নির্মূল করে জনগণের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠার দিকে যেতে হবে। এজন্য আমাদের ধৈর্য ধরে অন্তবর্তীকালীন সরকারকে সময় দিতে হবে এবং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে ছাত্র-জনতাকে বলতে চাই, আমরা কোনো অথরিটি না, আমরা প্রেসার গ্রুপ। সেই প্রেসার গ্রুপ হয়েই কাজ করে যেতে চাই।’
সমন্বয়ক বলেন, ‘রংপুর বিভাগের বরাদ্দ কম, দেশের প্রথম সারির সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় বছরে যে বাজেট পায়, পুরো রংপুর বিভাগ সেই বাজেট পায়নি। এভাবে ১৬ বছর ধরে রংপুর বিভাগ বাজেট বৈষম্যের শিকার হয়ে আসছে। এই রংপুরে এখন একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারি নাই। সেরা কোনো মেডিকেল কলেজ নির্মাণ করতে পারি নাই। তাই রংপুর বিভাগের উন্নয়নে আমাদের অধিকার আদায়ে আওয়াজ তুলতে হবে। আওয়াজ তোলার এখনই উত্তম সময়। এখন আওয়াজ তুলবেন কিনা আপনার ব্যক্তিগত ব্যাপার।’
সারজিস আরো বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা একটি যৌক্তিক দাবি। এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ১ হাজার কোটি টাকা দরকার। তারপরও বাস্তবায়ন করা হয়নি তিস্তা মহাপরিকল্পনা। অন্যদিকে এই ফ্যাসিস্ট সরকার পদ্মা সেতু ও পদ্মা রেল সেতু বাস্তবায়নে ৭০ হাজার কোটি টাকা ব্যয় করেছে। অথচ ১ কোটি মানুষের জন্য তিস্তা মহাপরিকল্পনা করেনি।’
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকার অনেক ভাইকে মামলা দিয়ে আদালতের বারান্দায় চক্কর দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়িয়েছে। অনেকের জীবন ধ্বংস করে দিয়েছে, চাঁদাবাজি করেছে, হামলা করেছে, দখল করেছে। সেই একই কাজ আমরা যদি করি তাহলে ১ হাজার ছাত্র-জনতার জীবনের বিনিময়ে পাওয়া স্বাধীনতা ধুলিসাৎ হবে। আমাদের এইসব থেকে বিরত থাকতে হবে।’
বৈষম্যবিরোধী আন্দোলনের রংপুর বিভাগের প্রধান সমন্বয়ক আবু সাঈদ মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রকিব মাসুদ, জেলার সমন্বয়কারী ইমরান আহমেদসহ রংপুর বিভাগের ও কেন্দ্রীয় সমন্বয়কারীরা বক্তব্য রাখেন।
এর আগে সকাল ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুরে আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় সমন্বয়করা।

Comments
Post a Comment